ডেঙ্গুর ভয়াবহতা কমছে না। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে প্রাণ হারিয়েছেন আরও চারজন। এর ফলে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯২ জনে। একই সময়ে নতুন করে ৮৪৫ জন রোগীকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে ১৬৬ জন, চট্টগ্রামে ৯১ জন, ঢাকার সিটি করপোরেশনের বাইরে ১৬৪ জন, ঢাকা উত্তর সিটিতে ৯৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১১২ জন। খুলনায় ১০১ জন, ময়মনসিংহে ৩৭ জন, রাজশাহীতে ৫৪ জন, রংপুরে ১৭ জন ও সিলেটে ভর্তি হয়েছেন ৬ জন রোগী।
আরও পড়ুন : পাকিস্তানে সেনা অভিযানে এক বাংলাদেশি নিহত
এ সময়ে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুইজন এবং উত্তর সিটিতে দুইজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত সারাদেশে মোট ৪৬ হাজার ৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
২০২৪ সালে দেশে এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন এবং মৃত্যুবরণ করেন ৫৭৫ জন। তার আগের বছর ২০২৩ সালে ডেঙ্গু ছিল আরও ভয়াবহ—সে বছর আক্রান্তের সংখ্যা ছিল তিন লাখ ২১ হাজার ১৭৯ এবং মৃত্যুবরণ করেছিলেন এক হাজার ৭০৫ জন।
ঢাকা ডেস্ক 









