স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন দুর্গাপূজাকে ঘিরে ফ্যাসিস্টদের সহযোগীরা গুজব সৃষ্টির চেষ্টা করতে পারে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা অব্যাহত রয়েছে, তবে সরকার এসব প্রতিহত করতে বদ্ধপরিকর।
রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সারা দেশে পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ উপলক্ষে এক লাখ সেনাসদস্য, পুলিশের ৭০ হাজার সদস্য এবং ৪৩০ প্লাটুন মোতায়েন থাকবে। পাশাপাশি বিজিবি ও অন্যান্য বাহিনীও নিরাপত্তায় যুক্ত থাকবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে স্বেচ্ছাসেবকরাও কাজ করবেন।
আরও পড়ুন : বিয়ের পিড়িতে পপ তারকা সেলেনা গোমেজ
তিনি আরও বলেন, কেউ যদি গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরে থাকাকালীনও ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের কথা জানিয়েছেন। এ নিয়ে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।
সম্প্রতি খাগড়াছড়ির ঘটনায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক করেছেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
ঢাকা ডেস্ক 









