জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে আজ (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে আয়োজিত এক বিশেষ সম্মেলনে আরও কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে।
ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে অনুষ্ঠিত এ সম্মেলনের যৌথ সভাপতিত্ব করবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বৈঠকে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা এবং সম্ভাব্যভাবে নিউজিল্যান্ড ও লিশটেনস্টাইন স্বীকৃতির ঘোষণা দেবে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
এর একদিন আগে, রবিবার যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। গাজায় ইসরায়েলি হামলা ও মানবিক সংকটের প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলোর এ পদক্ষেপকে ইসরায়েলের ওপর চাপ বৃদ্ধির কৌশল হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন : পিছিয়ে গেল রাকসু নির্বাচন
উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে উত্থাপিত “গাজা পরিকল্পনা” বা “নিউ ইয়র্ক ঘোষণাপত্র” ব্যাপক সমর্থন পায়। এতে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর ভিত্তি করে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির রূপরেখা তুলে ধরা হয়েছিল।
যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ওই সময় সম্মেলন বয়কট করে এবং প্রস্তাবের বিরোধিতা করে ভোট দেয়। তবুও জাতিসংঘ আশাবাদী, নিউইয়র্কের এই উচ্চপর্যায়ের বৈঠক ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়াকে নতুন গতি দেবে।
ঢাকা ডেস্ক 









