গাজায় তাৎক্ষণিক, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধ শুরুর পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ষষ্ঠবারের মতো ভেটো দিল যুক্তরাষ্ট্র। সূত্র: রয়টার্স, ডন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে ১৫ সদস্যের মধ্যে ১৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে প্রস্তাবটি পাস হয়নি।
ডেনমার্কের জাতিসংঘ প্রতিনিধি ক্রিস্টিনা মার্কাস লাসেন বলেন, গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে, এটি আর অনুমান বা ঘোষণা নয়, বরং বাস্তবতা। ইসরায়েলের সামরিক অভিযানে বেসামরিক মানুষের দুর্ভোগ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এই মানবিক বিপর্যয় ও নৈতিক ব্যর্থতাই আমাদের আজ পদক্ষেপ নিতে বাধ্য করেছে।
প্রস্তাবে গাজায় সব ধরনের অবরোধ তুলে নেওয়ার পাশাপাশি হামাসসহ সব সশস্ত্র গোষ্ঠীর হাতে থাকা জিম্মিদের মর্যাদাপূর্ণ ও নিঃশর্ত মুক্তির আহ্বান জানানো হয়েছিল।
আরও পড়ুন : পিআর দাবিতে জামায়াত ভুল করছে, আ.লীগই লাভবান হবে: মান্না
ভোটের আগে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক উপবিশেষ দূত মরগান অর্টাগাস বলেন, এই যুদ্ধ শুরু ও অব্যাহত রাখার জন্য দায়ী হামাস। ইসরায়েল যুদ্ধ শেষ করার শর্ত মেনে নিয়েছে, কিন্তু হামাস তা নাকচ করছে। জিম্মিদের মুক্তি দিয়ে অস্ত্র নামিয়ে রাখলেই যুদ্ধ আজই শেষ হতে পারে।
অর্টাগাসের এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে, যুক্তরাষ্ট্র এখনও ইসরায়েলকে কূটনৈতিকভাবে সমর্থন দিয়ে যাচ্ছে।
ঢাকা ডেস্ক 









