রাজধানী ঢাকা ও এর আশপাশে আজ (১৭ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সকাল থেকেই বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম ও অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে।
বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আরও পড়ুন : রমজানের আগেই জাতীয় নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। গতকাল মঙ্গলবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এছাড়া আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায়, রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের অনেক স্থানে এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে।
ঢাকা ডেস্ক 









