মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় নিখোঁজের দুদিন পর ক্ষিরাই নদী থেকে রফিকুল ইসলাম (৩৮) নামের এক মসজিদের ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত রফিকুল সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের আব্দুর রহিম ও নারগিস বেগমের ছেলে। তিনি গত এক বছর ধরে ঘিওরের বালিয়াখোড়া ইউনিয়নের বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুন : নিজেদের বিভক্ত করলে জাতি হিসেবে ব্যর্থ হবো : প্রধান উপদেষ্টা
স্থানীয়রা জানান, রোববার ফজরের নামাজে ইমামতি করার পর থেকে তিনি নিখোঁজ হন। যোহরের নামাজের সময় তাকে না পেয়ে মসজিদ কমিটির সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর মঙ্গলবার সকালে নদীতে মরদেহ ভেসে ওঠে।
মসজিদ কমিটির সভাপতি বিল্লাল উদ্দিন বলেন, “আমাদের ইমাম সাহেব হঠাৎ এভাবে হারিয়ে যাবেন ভাবতেই পারিনি। আজ সকালে তার মরদেহ ভেসে উঠতে দেখে আমরা সবাই শোকাহত।”
ঘিওর থানার তদন্ত পরিদর্শক কোহিনূর ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।
ঢাকা ডেস্ক 









