ইসরায়েলের টানা বিমান হামলায় নতুন করে গাজায় আরও ৫১ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ছয় বছর বয়সী যমজ দুই শিশু ও একজন সাংবাদিক রয়েছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় গাজা সিটিতে ভয়াবহ বোমাবর্ষণ চালায় ইসরায়েলি বাহিনী। তীব্র হামলার কারণে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।
জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক বিশেষ র্যাপোর্টার ফ্রান্সেসকা আলবানিজ অভিযোগ করেছেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানচ্যুত করার জন্য ইসরায়েল অপ্রচলিত অস্ত্র ব্যবহার করছে।
আরও পড়ুন : ৪০ বছর পর ট্যারিফ বাড়ল চট্টগ্রাম বন্দরে
অন্যদিকে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ টানা তৃতীয় দিনের মতো হামলার ভিডিও প্রকাশ করে দাবি করেছেন, ‘সন্ত্রাসীদের টাওয়ার ধসে পড়েছে।’ তবে উল্লিখিত ভবনটি হামাসের নিয়ন্ত্রণে ছিল কি না, সে বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৯০৫ ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় ১ লাখ ৬৪ হাজার ৯২৬ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও অসংখ্য মরদেহ চাপা পড়ে আছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ঢাকা ডেস্ক 









