দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা। প্রায় ৪০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই গণনা শেষ হয় শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে। তবে ফলাফল ঘোষণা করা হবে সন্ধ্যা ৭টায়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ।
গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ওই রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়। কিন্তু ধীরগতির কারণে শুক্রবার রাতে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সত্তার পদত্যাগের ঘটনায় ক্যাম্পাসে নতুন বিতর্ক তৈরি হয়। তিনি অনিয়মের অভিযোগ তুললেও, সমন্বিত শিক্ষার্থী জোট দাবি করে, জাকসু বানচালের ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় বিএনপিপন্থি এই শিক্ষক দায়িত্বহীনভাবে পদত্যাগ করেছেন।
আরও পড়ুন : সন্ধ্যা সাতটায় ঘোষণা হবে জাকসু নির্বাচনের ফলাফল
ভোট গণনার ধীরগতির কারণে শুক্রবার রাতে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান জরুরি বৈঠক ডাকেন। পরে গণনার টেবিল বাড়ানো ও জনবল বাড়ানোর নির্দেশ দিয়ে তিনি আশাবাদ প্রকাশ করেছিলেন যে ফল দ্রুত পাওয়া যাবে। তবে শেষ পর্যন্ত শনিবার দুপুরে এসে গণনা শেষ হয়।
জাকসুর মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। এবারের নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ১৭৮ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন।
ঢাকা ডেস্ক 












