জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার পর ৩৭ ঘণ্টা পেরিয়ে গেলেও চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি। শনিবার সকাল পর্যন্ত গণনা চলমান থাকায় শিক্ষার্থীদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে।
এ পরিস্থিতিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বড় ধরনের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন সাংবাদিক মাসুদ কামাল। নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘১১ হাজার ভোট গুনতে কি তিন দিন লাগে? জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মাত্র ১৭৭ জন প্রার্থী। এত সীমিত পরিসরে নির্বাচনের ফলাফল দিতে না পারা প্রশাসনের ভয়াবহ ব্যর্থতা।’
আরও পড়ুন : সন্ধ্যা সাতটায় ঘোষণা হবে জাকসু নির্বাচনের ফলাফল
তিনি প্রশ্ন রাখেন, ‘যখন আপনারা জানেন সবকিছু যান্ত্রিকভাবে করা হবে, তখন সাপোর্ট সিস্টেম বা বিকল্প পরিকল্পনা কেন রাখা হলো না? কোনো কারণে একটি প্রক্রিয়া বন্ধ হয়ে গেলে অন্যটি যেন কাজ করে— এ ধরনের পরিকল্পনা বা প্ল্যান বি থাকা উচিত ছিল। কিন্তু এখানে তার কোনো ছাপ নেই।’
মাসুদ কামাল আরও যোগ করেন, ‘এ রকম ভয়ংকর ব্যর্থতা আমি জীবনে কখনো দেখিনি।’
ঢাকা ডেস্ক 














