জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা নিয়ে চলমান অনিশ্চয়তার অবসান ঘটাতে সময়সূচি জানালেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। তিনি জানিয়েছেন, শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এর আগে দুপুর আড়াইটার মধ্যে ফল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম। তিনি বলেন, “৩৩ বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অভিজ্ঞতার ঘাটতি থাকলেও সবাই সহযোগিতা করেছেন। আশা করছি আর বিলম্ব হবে না।”
একই দিনে কমিশনের আরেক সদস্য অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহীও দুপুরে ফলাফল ঘোষণার সম্ভাবনার কথা জানিয়েছিলেন।
আরও পড়ুন : ৩৭ ঘণ্টা পরও ঘোষণা হয়নি জাকসু নির্বাচনের ফলাফল, দুপুরে প্রকাশের সম্ভাবনা
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শুরু হয় রাত সোয়া ১০টার দিকে, তবে এখনো তা শেষ হয়নি।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। ভিপি পদে ছিলেন ৯ জন এবং জিএস পদে লড়েছেন ৮ জন।
অন্যদিকে ছাত্রীদের ১০টি হলে মোট ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না, ৬৭টি পদে ছিলেন একক প্রার্থী। ফলে মাত্র ২৪টি পদে ভোট গ্রহণ করা হয়েছে। এছাড়া ২১টি হলের মধ্যে ২টিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ঢাকা ডেস্ক 









