রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি তীব্র রূপ নিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫-এ। একই সময়ে নতুন করে ৫৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীর মধ্যে সর্বাধিক ১৪৪ জনই ঢাকা উত্তর সিটি করপোরেশনে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন : কখন জানা যাবে জাকসুর ফলাফল?
অন্য বিভাগের সংখ্যা হলো—বরিশাল ১০৯, ঢাকা বিভাগ ১০৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১০৩, চট্টগ্রাম ৫৮, রাজশাহী ৪৪, ময়মনসিংহ ১২, রংপুর ১০ এবং সিলেট ২ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সর্বাধিক সংখ্যা (৭৪ জন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এছাড়া চট্টগ্রামে ২১, বরিশালে ১৯, ঢাকা উত্তরে ১৩, রাজশাহীতে ৭, খুলনায় ৫, ময়মনসিংহে ৪ এবং ঢাকায় ২ জন মৃত্যুবরণ করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সকলকে সতর্ক করে বলেছে, মশাবাহিত রোগ প্রতিরোধে নিজ নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। বিশেষ করে ঢাকা ও অন্যান্য ডেঙ্গুপ্রবণ এলাকায় অতিরিক্ত সাবধানতা জরুরি।
ঢাকা ডেস্ক 









