ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিজয়ে শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান জামায়াতে ইসলামী। বুধবার (১০ সেপ্টেম্বর) দলটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ অভিনন্দন জানানো হয়।
বার্তায় বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবার প্রথমবারের মতো ছাত্রশিবির পূর্ণাঙ্গ প্যানেলে জয়ী হলো। পোস্টে আরও দাবি করা হয়, প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো বিভিন্ন ভারতপন্থি শক্তির সমর্থন পেলেও শেষ পর্যন্ত বিজয় গেছে শিবিরের পক্ষেই।
আরও পড়ুন : ডাকসুতে জিতে শিবিরের নতুন কর্মসূচি
জামায়াতে ইসলামী পাকিস্তান তাদের বার্তায় উল্লেখ করেছে, এই সাফল্য ছাত্র ও তরুণদের অধিকার আদায়ের আন্দোলনকে এগিয়ে নেবে এবং বাংলাদেশের জনগণকে বিদেশি প্রভাব থেকে মুক্ত করতে সহায়ক হবে। পাশাপাশি, দেশের উন্নয়ন ও অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা প্রকাশ করেছে দলটি।
শুভেচ্ছা বার্তায় অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকারও প্রশংসা করেছে পাকিস্তান জামায়াত। তাদের মতে, সব ধরনের প্রতিকূলতা সত্ত্বেও সরকার স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে ডাকসু নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হয়েছে, যা প্রশংসনীয় উদ্যোগ।
ঢাকা ডেস্ক 









