জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আজকের মধ্যেই হাইকোর্টের এই আদেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মানজুর আল মতিন পিতম। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
আরও পড়ুন : সিনেট ভবনে ভোট পড়েছে ৬০-৬৫ শতাংশ: রিটার্নিং অফিসার
এর আগে গত ৬ সেপ্টেম্বর জাকসু নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানায়, প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমর্ত্য রায় গঠনতন্ত্রের ধারা অনুযায়ী ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য। ফলে তার প্রার্থিতা বাতিল করা হয়।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে অমর্ত্য রায় হাইকোর্টে রিট করেন। আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পেয়ে তিনি বলেন, “এটা শুধু আমার ব্যক্তিগত জয় নয়, বরং শিক্ষার্থীদের ভোটাধিকার রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
উল্লেখ্য, আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। প্রগতিশীল শিক্ষার্থীদের প্যানেল ‘সম্প্রীতির ঐক্য’ থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অমর্ত্য রায়।
ঢাকা ডেস্ক 









