ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে ‘আচরণ বিধি ভঙ্গের অসত্য’ অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) ডাকসুর উদয়ন স্কুল ভোট কেন্দ্রের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নাছির উদ্দীন নাছির বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে অসত্য আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন। তাদের আচরণ দেখে মনে হচ্ছে তারা শিবিরের প্রার্থীদের পক্ষে কাজ করছেন।
আরও পড়ুন : ডাকসু নির্বাচন ঘিরে ৩৪ ঘণ্টার কড়া বিধিনিষেধ
তিনি বলেন, আচরণ বিধি মেনে আমরা ভোট কেন্দ্র থেকে ১০০ মিটার দূরে ছাত্রদলের বুথ বসিয়েছি। কিন্তু আমরা দেখছি শিবিরের কর্মীরা ভোট কেন্দ্রের কাছেই তাদের প্রচার চালাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চুপ রয়েছেন।
এ সময় সুষ্ঠু ভোট আয়োজনের জন্য তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এর আগে, মঙ্গলবার সকালে আচরণবিধি ভেঙে অভিযোগে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে হঠাৎ ঢুকে পড়েন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। যা নিয়ে তীব্র সমালোর সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের পর অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেকর্ড ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। অন্যদিকে হল সংসদের ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন, যার মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।
ভোটগ্রহণ হচ্ছে ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে। প্রতিটি ভোটারকে ডাকসু ও হল সংসদ মিলিয়ে মোট ৪১টি পদে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। ভোট শেষে তাৎক্ষণিকভাবে গণনা শুরু হবে এবং ফলাফল ঘোষণা করা হবে সিনেট ভবন মিলনায়তনে।
ঢাকা ডেস্ক 














