ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন। ভোটগ্রহণ শুরু হয়েছে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায়। এ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে আরোপ করা হয়েছে ৩৪ ঘণ্টার বিশেষ বিধিনিষেধ, যা সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে কার্যকর হয়েছে এবং চলবে ১০ সেপ্টেম্বর সকাল পর্যন্ত।
কারা থাকতে পারবেন ক্যাম্পাসে?
এই সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা থাকতে পারবেন। ক্যাম্পাসে বসবাসরত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদের থাকার অনুমতি থাকলেও ঢোকা-বের হওয়ার জন্য বিশেষ পাস বাধ্যতামূলক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থী ও শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে বৈধ আইডি কার্ড সঙ্গে রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি টিএসসিতে থাকা সব সংগঠনের কার্যক্রমও ৩৪ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে।
যান চলাচলে নিয়ন্ত্রণ
এই সময়ে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহন—অ্যাম্বুল্যান্স, ডাক্তার, রোগী পরিবহনকারী গাড়ি, সাংবাদিক, পুলিশ ও ফায়ার সার্ভিসের গাড়ি—প্রবেশ করতে পারবে। অন্য কোনো যানবাহনের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
আরও পড়ুন : ডাকসুতে আগেই পূরণ করা ব্যালট দেওয়ার অভিযোগে উত্তেজনা
বাড়তি নিরাপত্তা ব্যবস্থা
ডিএমপির তথ্য অনুযায়ী, সোমবার থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন করা হয়েছে ১৭৭১ জন পুলিশ সদস্য। আজ দায়িত্ব পালন করছেন আরও বাড়িয়ে ২,০৯৬ পুলিশ সদস্য। তাদের সঙ্গে থাকছে সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট, সাদা পোশাকে ডিবি সদস্য এবং সিসিটিভি মনিটরিং সেল। নিরাপত্তা টহল বহাল থাকবে ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ভোটারদের জন্য বাস ও শাটল সার্ভিস
অনাবাসিক শিক্ষার্থীদের সুবিধার্থে সব বাসরুটের সার্ভিস চালু রাখা হয়েছে। বাড়ানো হয়েছে বাসের সংখ্যা এবং সংযুক্ত করা হয়েছে নতুন রুট। ক্যাম্পাসের ভেতরে থাকবে শাটল সার্ভিস, যা সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত চলবে। শাটল সার্ভিস ভূতত্ত্ব বিভাগ থেকে শুরু হয়ে কার্জন হল, শাহবাগ, টিএসসি, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, শিক্ষক ক্লাব, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ, সিনেট ভবন ও শারীরিক শিক্ষা কেন্দ্র হয়ে আবার ভূতত্ত্ব বিভাগে ফিরবে।
মেট্রোরেল স্টেশন বন্ধ
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল) জানিয়েছে, ডাকসু নির্বাচন উপলক্ষে সোমবার বিকেল ৪টা থেকে আজ মঙ্গলবার সারাদিনের জন্য বন্ধ রাখা হয়েছে টিএসসি মেট্রোরেল স্টেশন।
নির্বাচনী চিত্র
- মোট ভোটার: ৩৯,৮৭৪ জন (ছাত্র ২০,৯১৫ ও ছাত্রী ১৮,৯৫৯ জন)
- ডাকসুতে মোট পদ: ২৮টি
- প্রার্থী: ৪৭১ জন (পুরুষ ৪০৯, নারী ৬২)
- ভোটদানের সময়: সকাল ৮টা – বিকেল ৪টা
প্রতিটি ভোটারকে আজ মোট ৪১টি ভোট দিতে হবে—এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ২৮ এবং হল সংসদের জন্য ১৩।
ঢাকা ডেস্ক 









