ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শুরু হয়েছে আজ মঙ্গলবার সকাল ৮টায়। বিকেল ৪টা পর্যন্ত চলবে টানা ভোটগ্রহণ। দীর্ঘদিন পর আয়োজিত এ নির্বাচনে ভোটারদের সামনে থাকছে ব্যতিক্রমী অভিজ্ঞতা—ডাকসুর জন্য পাঁচ পৃষ্ঠার ব্যালট এবং প্রতিটি হল সংসদের জন্য আলাদা এক পৃষ্ঠার ব্যালট।
শিক্ষার্থীরা এবার প্রথমবারের মতো অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে ভোট দেবেন। দৃষ্টি প্রতিবন্ধী ভোটারদের জন্য রাখা হয়েছে ব্রেইল ব্যালটের বিশেষ ব্যবস্থা।
ভোট দেওয়ার নিয়ম
ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রথমে পরিচয় নিশ্চিত করতে হবে। প্রথম বর্ষের শিক্ষার্থীরা লাইব্রেরি কার্ড বা পে-ইন স্লিপ দেখাবেন। অন্য বর্ষের শিক্ষার্থীরা হল আইডি, বিশ্ববিদ্যালয় আইডি বা লাইব্রেরি কার্ড দেখিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এরপর ভোটগ্রহণ কর্মকর্তা ভোটারের আঙুলে অমোচনীয় কালি দেবেন এবং ভোটার তালিকায় স্বাক্ষর করতে হবে।
আরও পড়ুন : ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ব্যালট হাতে পাওয়ার পর ভোটার প্রবেশ করবেন গোপন কক্ষে। পছন্দের প্রার্থীর নাম ও নম্বর খুঁজে বের করে নির্ধারিত ঘরে স্পষ্টভাবে ক্রস চিহ্ন দিতে হবে। ঘরের বাইরে দাগ গেলে ভোটটি বাতিল হতে পারে, তাই বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। ব্যালট ভাঁজ না করে আলাদা ব্যালট বাক্সে ফেলেই সম্পন্ন করতে হবে ভোটদান।
প্রতিদ্বন্দ্বিতা ও সংখ্যা
ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে ১৮টি হলে প্রতিটি সংসদে ১৩টি পদ মিলিয়ে মোট ২৩৪টি পদে লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। সব মিলিয়ে একজন ভোটারকে আজ ৪১টি ভোট দিতে হবে।
আলোচনায় যাঁরা
যদিও মোট ১০টি প্যানেল ও বহু স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন, তবু মূল প্রতিযোগিতা গড়ে উঠেছে তিনটি বড় শক্তিকে ঘিরে—ছাত্রদল, ছাত্রশিবির এবং বাগছাস-সমর্থিত প্রার্থীরা আলোচনায় এগিয়ে। এছাড়া উমামা ফাতেমা ও বামজোট সমর্থিত প্রার্থীরাও শিক্ষার্থীদের আলোচনায় উঠে এসেছেন।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেও কিছু নাম বিশেষভাবে নজর কেড়েছে। ভিপি পদে শামীম হোসেন, জিএস পদে আরাফাত চৌধুরী এবং এজিএস পদে তাহমীদ আল মুদাসসীর চৌধুরী আলোচনায় রয়েছেন।
দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীরা বলছেন, শুধু ব্যালট নয়, আজকের ভোটের ফল নির্ধারণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির ভবিষ্যৎ গতিপথও।
ঢাকা ডেস্ক 









