ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হলেও ভোট হবে হলের বাইরে নির্ধারিত আটটি কেন্দ্রে।
নির্বাচনে কারা জয়লাভ করবে তা নিয়ে চলছে নানা আলোচনা। এ বিষয়ে নিজের মতামত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন।
সোমবার (০৮ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কালকের ডাকসু নির্বাচনে তারাই জিতে বের হয়ে আসবে যারা মেয়েদের ভোট বেশি পাবে।
আরও পড়ুন : ডাকসুতে কোন হলের শিক্ষার্থীরা কোথায় ভোট দেবেন?
‘মেয়েদের ভোটই সমীকরণ বদলাবে। যে মেয়েটা রাজনীতি পছন্দ করে না, চুপচাপ নিজের জগৎ নিয়ে থাকে সেও যাবে কাল ভোট দিতে। এরা চুপচাপ আর অরাজনৈতিক হতে পারে কিন্তু অবুঝ বা অসচেতন না। এরা সব খেয়াল করে,’ বলেন তিনি।
তাজনূভা বলেন, ‘ঠিক একই জিনিস হবে সামনের জাতীয় নির্বাচনে। যে নারীদের সাইবার বুলিং করেন, যে নারীর রাজনৈতিক হিস্যা দিতে এত হিসাব-নিকাশ, যে নারীর শ্রমের মূল্য নেই, যে নারীর অধিকার, স্বাধীনতায় বিশ্বাস করেন না, যে নারীকে মানুষ মনে করেন না, সে নারীর দিকে তাকায় থাকতে হবে জেতার জন্য। আর দিনে দিনে সেটা আরো বাড়বে। এখন আর আগের দিন নেই।’
ঢাকা ডেস্ক 














