সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৮৬৬ জনকে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত পরিচালিত এ অভিযানের তথ্য শনিবার (৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে ১ হাজার ৩২০ জন বিভিন্ন মামলা ও আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বাকি ৫৪৬ জনকে অন্যান্য অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয় নেতাকর্মীকে শুক্রবার রাতে রাজধানীর তেজগাঁও থেকে গ্রেফতার করা হয়েছে। জুমার নামাজ শেষে রহিম মেটাল মসজিদের সামনে তারা ঝটিকা মিছিলে অংশ নেন। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আরও পড়ুন : ইউরোপে টিকটকের মাসিক ব্যবহারকারী ২০ কোটি ছাড়াল
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার রাজধানীর মিরপুর এলাকায় পৃথক অভিযানে অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে মিরপুর থানা পুলিশ। তারা হলেন মো. আরিফ উদ্দিন (৪৬) ও হাফিজুল ইসলাম শামীম (৪৬)।
পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা ডেস্ক 









