দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৭৩ জন ডেঙ্গু রোগী।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃত্যুবরণকারীদের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা, একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন ঢাকা বিভাগের।
আরও পড়ুন : আগস্টে ডেঙ্গুতে ৩৯ জনের মৃত্যু
এদিকে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সর্বাধিক ১১৩ জন। এছাড়া চট্টগ্রামে ৮১ জন, ঢাকা বিভাগে ৭৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৩ জন, ময়মনসিংহে ১০ জন, রাজশাহীতে ৪৮ জন, রংপুরে ৭ জন এবং সিলেটে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩১ হাজারের বেশি রোগী। জানুয়ারিতে ভর্তি হয়েছিলেন ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন এবং আগস্টে ১০ হাজার ৪৯৬ জন।
এই সময়ে দেশে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১২৫ জন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টে ৩৯ জন মারা যান।
বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি বৃষ্টিপাত ও অস্বাস্থ্যকর পরিবেশ এডিস মশার বংশবৃদ্ধির অনুকূল পরিস্থিতি তৈরি করছে। তাই মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস এবং সচেতনতা বাড়ানো ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।
ঢাকা ডেস্ক 









