চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক শিক্ষার্থীকে ছাদ থেকে ফেলে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। রবিবার (৩১ আগস্ট) বিকেলে সংঘর্ষ চলাকালে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, আহত শিক্ষার্থীর নাম মো. রাজিউর রহমান রাজু। তিনি বিশ্ববিদ্যালয়ের ৫৮তম ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং কলা অনুষদ শাখা শিবিরের সাথী। রাজুর বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার সনগাঁও গ্রামে।
আরও পড়ুন : চবি এলাকায় প্রশাসনের ১৪৪ ধারা জারি
সামাজিক যোগাযোগমাধ্যমে রাজুর সহপাঠী মাসুম সরকার সজীব লিখেছেন, “আমার বন্ধু ও কলা অনুষদ শাখার সাথী মো. রাজিউর রহমান রাজুকে এখনো উদ্ধার করা যায়নি।”
অন্য এক শিক্ষার্থী মো. শাহ আলম ফেসবুকে দাবি করেন, রাজুকে বাঁচাতে গেলে তাদের ওপরও হামলার চেষ্টা করা হয়। তিনি লেখেন, “আমার বন্ধু রাজুকে বাঁচাতে গেলে বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, বড় ভাই আশরাফুল আলম এবং আমাকে রামদা দিয়ে স্থানীয়রা কোপ মারতে আসে। কোনোমতে আমরা সেখান থেকে প্রাণে বাঁচি।”
ঢাকা ডেস্ক 









