বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে বহিষ্কার করেছে। রোববার (৩১ আগস্ট) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উদয় কুসুম বড়ুয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর ফলে তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের সাংগঠনিক পদ হারিয়েছেন।
আরও পড়ুন : সাতক্ষীরায় বৃদ্ধকে খুঁটিতে বেঁধে পেটালেন বিএনপি নেতা
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলের নির্দেশনা অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সংগঠনের গঠনতন্ত্র অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে উদয় কুসুম বড়ুয়ার বিরুদ্ধে অভ্যন্তরীণ পর্যায়ে নানা অভিযোগ ওঠে। একাধিকবার সতর্ক করার পরও তিনি বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
বিএনপি মনে করছে, এ ধরনের পদক্ষেপ দলের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে।
ঢাকা ডেস্ক 









