দুবাইয়ের রাজপরিবারের সদস্য ও সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের কন্যা শেখা মাহরা বিয়ে করেছেন। মরক্কো বংশোদ্ভূত মার্কিন র্যাপার ফ্রেঞ্চ মনটানার সঙ্গে শেখা মাহরা বাগদান সম্পন্ন করেছেন।
বুধবার (২৭ আগস্ট) মার্কিন বিনোদনভিত্তিক ওয়েবসাইট টিএমজেডকে এই খবর নিশ্চিত করেছেন।
২০২৪ সালের শেষ দিকেই শেখা মাহরা ও ৪০ বছর বয়সি ফ্রেঞ্চ মনটানার ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন শুরু হয়। দুবাইয়ে মাহরার সঙ্গে ঘোরাঘুরি ও সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করার মধ্য দিয়ে তাদের সম্পর্ক জনসম্মুখে আসে। পরে মরক্কো, দুবাই ও প্যারিসে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় এই জুটিকে।
চলতি বছরের জুনে প্যারিস ফ্যাশন উইকের এক ইভেন্টে মাহরাকে বিয়ের প্রস্তাব দেন মনটানা। ফ্যাশন শো ও প্যারিসের ‘পন্ট দেস আর্টস’ ব্রিজে তাদের হাত ধরাধরি করে হাঁটার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
দুবাইয়ের একটি প্রাইভেট স্কুলে পড়াশোনার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি অর্জন করেন শেখা মাহরা। তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও নারীর ক্ষমতায়নমূলক কার্যক্রমের সঙ্গেও যুক্ত।
ফ্রেঞ্চ মনটানার আসল নাম কারিম খারবুচ। ১৯৮৪ সালের ৯ নভেম্বর জন্ম নেওয়া এই র্যাপার ‘Unforgettable’ ও ‘No Stylist’ গানের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। এছাড়া, তিনি দাতব্য কাজের সঙ্গেও জড়িত। বিশেষ করে উগান্ডা ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে স্বাস্থ্য ও শিক্ষা খাতে কাজ করেছেন।
বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত শেখা মাহরা এর আগেও বহুবার আলোচনায় এসেছেন। রাজপরিবারের রক্ষণশীলতার তোয়াক্কা না করে ২০২৩ সালের মে মাসে রাজপরিবারের আরেক সদস্য শেখ মানার বিন মোহাম্মদ আল মাকতুমকে বিয়ে করেছিলেন তিনি।
তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয় চলতি বছরের মে মাসে। তবে মেয়ের বয়স দুই মাস না পেরোতেই স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন শেখা মাহরা।
আরও পড়ুন : সহজ এক ব্যায়াম করুন সকালে, ফিট থাকবেন সারাদিন
তিনি ইনস্টাগ্রামে লেখেন, ‘প্রিয় স্বামী, আপনি যখন অন্য সঙ্গীদের নিয়ে ব্যস্ত, আমি আমাদের বিবাহবিচ্ছেদ ঘোষণা করছি। আমি আপনাকে তালাক দিচ্ছি, আমি আপনাকে তালাক দিচ্ছি এবং আমি আপনাকে তালাক দিচ্ছি। সাবধান থাকবেন। তোমার সাবেক স্ত্রী।’
বিবাহবিচ্ছেদের পর শেখা মাহরা নিজের নামেই ‘Mahra M1’ নামে একটি ব্র্যান্ড চালু করেন। এই ব্র্যান্ডের প্রথম পণ্য ছিল একটি পারফিউম, যার নাম দেন ‘DIVORCE’ (বিবাহবিচ্ছেদ)। কালো বোতলের ওপর সাদা অক্ষরে লেখা পারফিউমটির মূল্য রাখা হয়েছে ২৭২ মার্কিন ডলার।
ঢাকা ডেস্ক 









