রান্না করা তরকারির স্বাদ কম হওয়ায় স্ত্রীকে বেধড়ক পিটুনি দিয়েছেন মো. আকাশ নামে এক ব্যক্তি। এতে অভিমান করে স্ত্রী বাবার বাড়িতে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু এতে আরও ক্ষিপ্ত হয়ে আবারও তাকে মারধর করেন আকাশ। এ ঘটনায় ওড়না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্ত্রী।
বুধবার (২৭ আগস্ট) নওগাঁ জেলার বদলগাছীর জগদীশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম ঝর্ণা আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পরিবারের সবার সঙ্গে খেতে বসেন আকাশ। কিন্তু রান্না করা খাবারে স্বাদ ভালো না হওয়ার অভিযোগ তুলে স্ত্রী ঝর্ণাকে বেধড়ক মারপিট করেন তিনি।
পরে ভোর ৫টার দিকে অভিমানে বাবার বাড়ির উদ্দেশে বাড়ি থেকে বের হতে চান ঝর্ণা। এতে ক্ষিপ্ত হয়ে আকাশ আবারও তাকে মারধর করেন। পরে ৬টার দিকে ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন ঝর্ণা।
আরও পড়ুন : ঋণের চাপ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা
এক পর্যায়ে বিষয়টি টের পেয়ে ঘরের দরজা ভেঙে তার নিথর দেহ উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যান ঝর্ণার শ্বশুর-শাশুড়ি। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঝর্ণার মরদেহ ফেলেই সেখান থেকে পালিয়ে যান আকাশসহ শ্বশুর বাড়ির সদস্যরা।
স্থানীয়দের অভিযোগ, আকাশ নানা বিষয়ে তুলে প্রায়ই ঝর্ণাকে মারধর করতেন।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সুষ্ঠু তদন্ত চলছে।
ঢাকা ডেস্ক 









