ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজার উপত্যকায় আরও ৮৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪৯২ জন।
মঙ্গলবার (২৬ আগস্ট) আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, রোববার সন্ধ্যা থকে পরবর্তী ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫৮ জন দখলদার বাহিনীর নিক্ষিপ্ত গোলায় এবং বাকি ২৮ জন খাদ্য সংগ্রহ করতে গিয়ে এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রকৃত আহত ও নিহতের সংখ্যা আরও বেশি। কারণ, তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।
আরও পড়ুন : এবার বাবা-মায়ের ডিভোর্স নিয়ে মুখ খুললেন গোবিন্দ-কন্যা
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে ধরে নিয়ে আসে তারা।
হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে।
ঢাকা ডেস্ক 









