নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম অবস্থান করছেন—এমন সন্দেহকে কেন্দ্র করে সেখানে বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু নেতাকর্মী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিপুলসংখ্যক নেতাকর্মী কনস্যুলেটের সামনে জড়ো হয়ে স্লোগান দেন ও মিছিল করেন। কয়েকজন কনস্যুলেটের দরজায় ধাক্কাধাক্কি করেন। পরে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ
ঘটনার নিন্দা জানিয়ে মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, কূটনৈতিক স্থাপনায় হামলা একটি গুরুতর অপরাধ এবং এ বিষয়ে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র প্রশাসন বিষয়টি যথাযথভাবে দেখবে।
রাষ্ট্রদূত আরও বলেন, জেনেভা কনভেনশন অনুযায়ী বিদেশে অবস্থিত প্রতিটি দূতাবাস ও কনস্যুলেটের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম কৌশলগত অংশীদার হওয়ায় এমন ন্যক্কারজনক ঘটনা গ্রহণযোগ্য নয়।
তিনি যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানান, বাংলাদেশের মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য। একইসঙ্গে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।
ঢাকা ডেস্ক 









