চট্টগ্রাম বিভাগের ৯টি নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় বাড়তে পারে। এতে অন্তত ৬ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।
রোববার (২৪ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (বাপাউবো) নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় ফেনী, মুহুরী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু, মাতামুহুরি, নোয়াখালী খাল ও রহমতখালি খাল নদীসমূহের পানি সমতল সতর্কসীমায় (Warning level) প্রবাহিত হতে পারে।
এ সময় ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বর্ণিত নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে দ্বিতীয় ও তৃতীয় দিন নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে।
এতে আরও জানা যায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজমান আছে।
আরও পড়ুন : টাকা দিয়ে মৃতের জন্য কুরআন খতম করানো কি জায়েজ?
এদিকে, আগামীকাল সোমবারের (২৫ আগস্ট) মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।
আগামী ৭২ ঘণ্টায় সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে এবং উজানে ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরা প্রদেশে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঢাকা ডেস্ক 









