সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের জন্য সময়োপযোগী বেতন কাঠামো প্রণয়নে নয় সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (২১ আগস্ট) সশস্ত্র বাহিনী বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান। সদস্য হিসেবে থাকবেন মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, রিয়ার অ্যাডমিরাল মো. জহির উদ্দিন, এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, ব্রিগেডিয়ার জেনারেল অং চ ছা মং, এয়ার কমডোর জামিল উদ্দিন আহম্মদ, যুগ্ম সচিব মিলিয়া শারমিন এবং ক্যাপ্টেন মো. তৌহিদ সাগর। ব্রিগেডিয়ার জেনারেল নিশাদুল ইসলাম খান সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন : ভারতীয় গণমাধ্যমে মিথ্যা সংবাদ, সেনাবাহিনীর কড়া জবাব
কমিটির কাজ হবে— সেনা, নৌ ও বিমান বাহিনীর বর্তমান বেতন-ভাতা, অবসর-সুবিধা, বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত, উৎসব ও মহার্ঘ ভাতা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব করা। একই সঙ্গে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিক্ষা ও স্বাস্থ্য খরচের সঙ্গে বেতন কাঠামো সামঞ্জস্যপূর্ণ করার সুপারিশ দেওয়া।
এ ছাড়া শান্তি ও যুদ্ধকালীন ঝুঁকি, কঠোর পরিশ্রম এবং পরিবার থেকে দূরে থাকার মতো বাস্তবতাও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে। প্রয়োজনে তারা সাব-কমিটি গঠন করতে পারবেন এবং তথ্য সংগ্রহে বিভিন্ন সংস্থার সহায়তা নিতে পারবেন।
আগামী ৩১ অক্টোবরের মধ্যে বই আকারে সুপারিশমালা জমা দিতে হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
ঢাকা ডেস্ক 









