ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৩৫৬ জন। বৃহস্পতিবার (২১ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সর্বশেষ হতাহতের ঘটনায় ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরাইলি অভিযানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯২ জনে। আর আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজারেরও বেশি। তবে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরাইলি হামলার শিকার হয়ে অন্তত ১৮ জন নিহত ও ১১৭ জনের বেশি আহত হয়েছেন। এতে সাহায্য নিতে গিয়ে নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৩৬ জনে। আর মে মাসের শেষ দিক থেকে এ পর্যন্ত ১৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
আরও পড়ুন : গাজা সিটি দখলে ইসরাইলি সেনাদের অভিযান, নিহত ৮১
শুধু বোমা হামলাই নয়, খাদ্যাভাব ও অপুষ্টির কারণেও গাজায় মানুষ মারা যাচ্ছেন। গত একদিনে অনাহারে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ভিক্ষ ও পুষ্টিহীনতায় মৃত্যুর সংখ্যা ২৭১ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১১২ জন শিশু।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরাইলে প্রবেশ করে আকস্মিক হামলা চালায়, যাতে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। এর পরদিন থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইল।
দীর্ঘ ১৫ মাস টানা হামলার পর আন্তর্জাতিক চাপের মুখে ২০২৫ সালের জানুয়ারিতে যুদ্ধবিরতি হলেও মার্চে ফের গাজায় নতুন করে অভিযান শুরু করে ইসরাইলি সেনারা। নতুন অভিযানে এখন পর্যন্ত অন্তত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
এরই মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলার মুখোমুখি ইসরাইল
ঢাকা ডেস্ক 









