ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় প্রাইভেটকার উল্টে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
শ্রীনগর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তথ্য মতে জানা যায়, মাওয়া থেকে ঢাকামুখী একটি প্রাইভেটকার দ্রুতগতিতে আসছিল। পথে হঠাৎ চাকা পাংচার হয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এরপর সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ
আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনো সংকটাপন্ন।
শ্রীনগর হাইওয়ে পুলিশের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে গাড়িটি সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল।
হাসারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, প্রাইভেটকারটি মাওয়া থেকে ঢাকায় আসছিল। পথে চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারানোই এ দুর্ঘটনার মূল কারণ। ক্ষতিগ্রস্ত গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঢাকা ডেস্ক 









