খুলনা মহানগরীর রয়েল মোড়ে নকল ওষুধ বিক্রির দায়ে লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৮ আগস্ট) খুলনা বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ সেলিম অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
তিনি জানান, গত মে মাসে সাইফুল্লাহ আল রাব্বি নামে এক ব্যক্তি লাজ ফার্মা থেকে একটি ওষুধ কেনেন। ওষুধটিকে বিদেশি বলে দাবি করেছে লাজফার্মা। কিন্তু ওষুধটি নকল বলে শনাক্ত হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রয়েল মোড় লাজ ফার্মাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তবে জরিমানার অর্থ তাৎক্ষণিক পরিশোধ করেছে লাজফার্মা।
ভোক্তা অধিকারের এই কর্মকর্তা বলেন, ভোক্তা অধিকারের জেল দেওয়ার এখতিয়ার নেই। তারা শুধু জরিমানা পর্যন্ত করতে পারেন।
আরও পড়ুন : এবার বিয়ের দাবিতে নারীর বাড়িতে অনশনে ৭৫ বছরের বৃদ্ধ
অভিযোগের বিষয়ে লাজফার্মার সিও মঈনুদ্দিন বলেন, ভোক্তা অধিকার ও ওষুধের ক্রেতার অভিযোগ পেয়ে ঝিনাইদহ অবস্থিত এডোরাবেলা হেলথ কেয়ারের মার্কেটিং অফিসার তানভির আহমেল পলাশকে হাজির করা হয়। তাদের Ithching Reliefe Lotion (চুলকানি নিরাময়) নামের চর্ম রোগের ওষুধটি নকল ওষুধ বলে শনাক্ত হয়। পরে এই ওষুধ বিক্রির জন্য আমাদের ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে, ২০২১ সালের ১৮ মে লাইসেন্সবিহীন ওষুধ রাখার দায়ে লাজফার্মার এই শাখাকে ৫ লাখ টাকা জরিমানা করেছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ঢাকা ডেস্ক 









