রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী প্রেমঘটিত কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের নাম জিতু রায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) নিজ বাড়ির সামনে একটি আমগাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জিতু। তার বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায়। ঘটনার আগে তিনি তিন পৃষ্ঠার একটি সুইসাইড নোট লিখে রেখে যান।
জিতুর চিঠিতে পাওয়া যায় গভীর আবেগ ও হতাশার ছাপ। সেখানে তিনি লিখেছেন,“আই লাভ ইউ, মৃত্যুর পরেও তোমাকে ভালোবেসে যাব।”
আরও পড়ুন : সুইসাইড নোট লিখে ভারতীয় অভিনেত্রীর আত্মহত্যা
চিঠিতে আরও উল্লেখ করেছেন, চার বছরের দীর্ঘ প্রেমে ব্যর্থ হয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি অভিযোগ করে লিখেছেন,“তোমার শেষ কথা ছিল আমাকে ভুলে যাও। কিন্তু আমি ভুলতে পারিনি। আমার মৃত্যুর জন্য দায়ী শুধু তুমি।”
এ ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ইলিয়াছ প্রামানিক বলেন,“এ ধরনের ঘটনা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীরা যাতে মানসিক সংকটে পড়ে এমন সিদ্ধান্ত না নেন, সে জন্য বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের উদ্যোগে প্রতি বুধবার একজন মনোরোগ বিশেষজ্ঞ আসেন। আমরা চাই শিক্ষার্থীরা খোলামেলা তাদের সমস্যার কথা শেয়ার করুক।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন,“এটি নিঃসন্দেহে মর্মান্তিক। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। প্রয়োজনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।”
ঢাকা ডেস্ক 









