ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যাকাণ্ডে ৫ আসামির মৃত্যুদণ্ড, ৪ আসামির আমৃত্যু কারাদণ্ড এবং আরও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
রোববার (১৭ আগস্ট) ঢাকার দশম বিশেষ জজ আদালতের বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন : সৌদি আরবে একদিনে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কামরুল হাসান অরুন, মাসুম মিন্টু, সাইদ ব্যাপারী, বকুল মিয়া ও সাইদ মিজি। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আবুল কালাম, সাইদুল, ফয়সাল ও পেদা মাসুম। আর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে রফিকুল ইসলামকে।
প্রসিকিউটর মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, রায় ঘোষণার সময় ১০ আসামিকেই আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে তাদের আবার কারাগারে পাঠানো হয়েছে।
২০১২ সালের ২৩ আগস্ট রাতে রাজধানীর মহাখালীতে হাসপাতালের আবাসিক এলাকায় নিজের বাসায় খুন হন ডা. নিতাই। ঘটনার সময় তার সঙ্গে ছিলেন কেবল বৃদ্ধা মা। স্ত্রী লাকী চৌধুরী তখন চট্টগ্রামে অবস্থান করছিলেন। পরদিন নিহত চিকিৎসকের বাবা বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা হিসেবে সক্রিয় ছিলেন ডা. নিতাই। তার হত্যাকাণ্ডের পর চিকিৎসক মহলে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছিল। দীর্ঘ প্রায় ১৩ বছর পর অবশেষে এলো বহুল আলোচিত মামলার রায়।
ঢাকা ডেস্ক 









