দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। রবিবার (১৭ আগস্ট) ভোরে দেশটির সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। এতে অন্তত ২৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনবিপি) জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এতে পসো অঞ্চলসহ আশপাশের এলাকায় প্রচণ্ড কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন : তুরস্কে ভয়াবহ ভূমিকম্প, ধসে পড়েছে অনেক ভবন
প্রশান্ত মহাসাগরের কুখ্যাত ‘রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে নিয়মিতই ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয় ইন্দোনেশিয়া। প্রায় সাড়ে ২৭ কোটি মানুষের এই দ্বীপদেশ পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত।
এর আগে ২০০৯ সালে দেশটির পাদাং শহরে ৭ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারান এক হাজার ১০০ জনের বেশি মানুষ। আর ২০০৪ সালে সুমাত্রার উপকূলে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে ইন্দোনেশিয়ায় মারা যান প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ।
ঢাকা ডেস্ক 









