চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি আবাসিক মাদরাসায় দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) ভোররাতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি রহস্যের আবহ তৈরি হয়েছে।
মারা যাওয়া শিক্ষার্থীরা হলেন— রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (১২) এবং একই ইউনিয়নের বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে জামিলা খাতুন (১০)। দুজনেই ডুবার মোড় শেফালী বেগম মহিলা নূরানি হাফিজিয়া মাদরাসার আবাসিক ছাত্রী ছিলেন।
আরও পড়ুন : মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাতে ১৩ জন ছাত্রী একসঙ্গে ঘুমাচ্ছিল। ভোররাতে হঠাৎ তানিয়া ও জামিলা অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে শুরু করে। দ্রুত তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জামিলাকে মৃত ঘোষণা করেন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তানিয়া।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল আলিম জানান, হাসপাতালে আনার সময় জামিলা মৃত অবস্থায় ছিল। তানিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তানিয়ার পায়ে দাগ ও জামিলার শরীরে হলুদভাব দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাপ বা অন্য কোনো বিষাক্ত প্রাণীর কামড়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, “বিষয়টি রহস্যজনক। প্রাথমিকভাবে আমরা মৃত্যুর কারণ নির্ধারণ করতে পারিনি। আইনি প্রক্রিয়া চলছে।”
দুই শিশুর মৃত্যুতে মাদরাসা ও আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা দ্রুত ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন।
ঢাকা ডেস্ক 









