জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) চালু করেছে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা। এখন থেকে থানায় না গিয়েই নাগরিকরা ঘরে বসে জিডি করতে পারবেন।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, থানায় সরাসরি করা জিডির মতো অনলাইন জিডিতেও আবেদনকারী একটি জিডি নম্বর পাবেন এবং পরবর্তীতে জিডির অগ্রগতি সম্পর্কিত হালনাগাদ তথ্য জানতে পারবেন। জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধিত মোবাইল নম্বর যাচাইয়ের মাধ্যমে আবেদনকারীর তথ্য সুরক্ষিত রাখা হবে, ফলে ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাকবে।
আরও পড়ুন : রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৬ নেতা-কর্মী গ্রেফতার: ডিএমপি
ডিএমপির মতে, অনলাইন জিডি ব্যবস্থা পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি নাগরিকদের সময় ও পরিশ্রম সাশ্রয় করবে। একই সঙ্গে জিডির ভিত্তিতে পুলিশের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানার সুযোগ থাকায় এটি সাধারণ মানুষের জন্য বাড়তি স্বস্তি বয়ে আনবে।
অনলাইনে জিডি করার পদ্ধতি
অ্যাপ ডাউনলোড – অ্যান্ড্রয়েড প্লে-স্টোর থেকে ‘Online GD’ অ্যাপ ডাউনলোড করুন।
নিবন্ধন – নতুন ব্যবহারকারীরা এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে তথ্য যাচাই করবেন, এরপর লাইভ ছবি তুলে এনআইডির ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে। মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন সম্পন্ন করুন।
লগইন – মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপে লগইন করুন, ঠিকানা আপডেট করুন এবং এনআইডি অনুযায়ী ডিজিটাল স্বাক্ষর দিন। মোবাইল নম্বর যাচাইয়ের জন্য ওটিপি কোড ব্যবহার করুন।
জিডি করুন – অ্যাপ বা ওয়েবসাইটে ‘Lost’ অপশনে যানবাহন, মোবাইল, কম্পিউটার, নথি, কার্ড, গয়না ইত্যাদি হারানোর জিডি করা যাবে। ডকুমেন্ট ক্যাটাগরিতে ৬৯ ধরনের নথি হারানোর জন্য জিডি করার সুযোগ রয়েছে। এছাড়া চাবি, ব্যাগ, টাকা, ঘড়ি, পশুপাখি হারানোর বিষয়েও জিডি করা যাবে।
ডিএমপি আশা করছে, এই উদ্যোগ নাগরিক সেবাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করবে।
ঢাকা ডেস্ক 









