ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের আমন্ত্রণে সংবিধান সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের একদল সদস্য গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় গুলশান-২ এ অবস্থিত রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান উপস্থিত ছিলেন। কমিশনের পক্ষ থেকে অংশ নেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারসহ কয়েকজন কমিশন সদস্য। আলোচনায় রাজনৈতিক অন্তর্ভুক্তি ও জাতীয় ঐক্যের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
আরও পড়ুন : জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা জানাল ইসি
এ বৈঠকের আগের দিন, সোমবার (১১ আগস্ট) একই বাসভবনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রেসি অ্যান জ্যাকবসন। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে ওই বৈঠকে দলের রাজনৈতিক ইশতেহার, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়।
এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ জানান, “দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবেই এই বৈঠক। আমরা গণঅভ্যুত্থান-পরবর্তী সংস্কার, নির্বাচন এবং আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছি। এর আগে তারা বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গেও কথা বলেছেন।”
রাজনৈতিক মহলে এ ধরনের বৈঠককে আগামী নির্বাচনের প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক যোগাযোগ হিসেবে দেখা হচ্ছে।
ঢাকা ডেস্ক 









