পুলিশের ডিআইজি পদমর্যাদার সাত কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ‘সুপারনিউমারারি’ অতিরিক্ত আইজিপি করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মাহবুবুর রহমান।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— এপিবিএনের ডিআইজি মো. আলী হোসেন ফকির, এসবির ডিআইজি জি এম আজিজুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. সরওয়ার, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. মোস্তফা কামাল, পুলিশ অধিদফতরের ডিআইজি কাজী মো. ফজলুল করিম, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. রেজাউল করিম এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।
আরও পড়ুন : জনস্বার্থে অবসরে যাচ্ছেন পুলিশের ৯ পরিদর্শক
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৫ শাখার অনুমোদন অনুযায়ী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে নবসৃষ্ট সাতটি সুপারনিউমারারি পদের বিপরীতে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, পদগুলোতে কর্মরত কর্মকর্তাদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। এছাড়া, পদ সৃজনের তারিখ থেকে এ সাতটি পদের মেয়াদ এক বছর নির্ধারণ করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।
ঢাকা ডেস্ক 









