তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৬:৫৩) সংঘটিত এ ভূমিকম্পে এখন পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ২৯ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিন্দিরগি শহর। সেখানেই ধসে পড়া ধ্বংসস্তূপ থেকে ৮১ বছর বয়সী এক নারীকে উদ্ধার করা হলেও কিছুক্ষণ পরই তিনি মারা যান। ভূমিকম্পে ১৬টি ভবন পুরোপুরি ধসে পড়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন : রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, ভূমিকম্প এতটাই তীব্র ছিল যে এর প্রভাব ইস্তাম্বুল পর্যন্ত অনুভূত হয়েছে। উদ্ধার ও অনুসন্ধান অভিযান শেষ হয়েছে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির আর কোনো খবর পাওয়া যায়নি। তবে সিন্দিরগি থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বড় বড় ভবন মাটিতে মিশে গেছে, চারপাশে ছড়িয়ে রয়েছে বাঁকানো লোহার রড ও কংক্রিটের স্তূপ।
রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করে লিখেছেন, “আল্লাহ আমাদের দেশকে সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন।”
তিনি জানান, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তুরস্ক তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় প্রায়ই ভূমিকম্পে কেঁপে ওঠে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে, পাশাপাশি সিরিয়াতেও মারা যান আরও প্রায় ৫ হাজার মানুষ। সেই দুর্যোগের দুই বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও বহু মানুষ এখনো গৃহহীন।
ঢাকা ডেস্ক 









