ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে নেতৃত্ব দেওয়া নিয়ে এক ছাত্রলীগ নেতাকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (৮ আগস্ট) মধ্যরাতে জসীম উদ্দীন হলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময় আন্দোলনের মিছিলে নেতৃত্ব দেন এইচ আহমাদুল্লাহ, যিনি একসময় জসীম উদ্দীন হল ছাত্রলীগের সুমন–লুৎফুর কমিটির ১ নম্বর সদস্য ছিলেন।
জসীম উদ্দীন হলের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আহমাদুল্লাহ অতীতে সক্রিয় ছাত্রলীগ করতেন। আন্দোলনে তাকে তেমন দেখিনি, কিন্তু হঠাৎ দেখি তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। ছাত্রলীগ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের প্রমাণও তিনি দেখাতে পারেননি।‘
আরও পড়ুন : রাতের মধ্যে কমিটি স্থগিত না হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি উমামা ফাতেমার
তিনি আরও অভিযোগ করেন, ‘গত বছরের ৩০ জুলাই সহিংস ঘটনার সময়ও আহমাদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় কর্মকাণ্ড নিয়েই পোস্ট করেছেন। সারাদেশ যখন প্রোফাইল ছবি বদলে প্রতীকী প্রতিবাদ জানিয়েছিল, তখনও তিনি নীরব ছিলেন।‘
এ বিষয়ে জানতে চাইলে আহমাদুল্লাহ দাবি করেন, আন্দোলনের সময় তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিলেন। তবে পদত্যাগপত্র বা কোনো লিখিত প্রমাণ তার কাছে নেই বলে স্বীকার করেন।
এই ঘটনা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানা আলোচনা চলছে। কেউ কেউ বলছেন, রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া আন্দোলনের মৌলিক লক্ষ্য ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে।
ঢাকা ডেস্ক 









