ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার কড়া সমালোচনা করেছে সৌদি আরব। শুক্রবার (৮ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গাজা উপত্যকা দখলের সিদ্ধান্তকে তারা সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে।
সৌদি আরব অভিযোগ করে, ইসরায়েল অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখা, নৃশংস আচরণ এবং জাতিগত নিধনের মতো অপরাধ চালিয়ে যাচ্ছে, যা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
সৌদি আরবের এই প্রতিক্রিয়া এমন এক সময়ে এসেছে যখন আন্তর্জাতিক মহল ইসরায়েলের গাজায় পূর্ণ দখল পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং তা বন্ধের আহ্বান জানাচ্ছে।
এছাড়া, সৌদি আরব ১৯৬৭ সালের সীমারেখা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে রেখে দুই-রাষ্ট্র সমাধানের প্রতি তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে, যা প্রাসঙ্গিক জাতিসংঘ প্রস্তাবের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
আরও পড়ুন : জম্মু-কাশ্মীরে বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে ২ সেনা নিহত
শুক্রবার ভোরে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা সিটি সম্পূর্ণ দখলের পরিকল্পনা ঘোষণা করে।
এদিকে ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে ইরাকের মন্ত্রণালয় জানায়, এ পদক্ষেপ গাজায় নিরপরাধ মানুষের বিরুদ্ধে ইসরায়েলের ক্ষুধার নীতি, বাস্তুচ্যুত করা এবং গণহত্যার নীতির অংশ—যা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয় এবং এর জন্য আন্তর্জাতিক জবাবদিহিতা নিশ্চিত করা উচিত।
সূত্র : এএফপি, শাফাক নিউজ
ঢাকা ডেস্ক 









