রাজবাড়ীর গোয়ালন্দে পার্কে ঘুরতে গিয়ে ভয়াবহ এক ঘটনার শিকার হয়েছেন দুই তরুণী। অভিযোগ, তাদের আটক করে পালাক্রমে ধর্ষণ করে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ শুক্রবার (৮ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলেন—ফরিদপুর কোতোয়ালি থানার পূর্ব বিল মামুদপুর গ্রামের ফয়সাল শেখ (২২), গোয়ালন্দ উপজেলার দরাপেরডাঙ্গি গ্রামের রাকিব মোল্লা (২১) ও পূর্ব উজানচরের সজীব মোল্লা (২৪)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ফরিদপুরের এক এইচএসসি পরীক্ষার্থী (২০) তার ১৫ বছর বয়সী চাচাতো বোনকে নিয়ে গোয়ালন্দের উজানচর গোধুলী পার্কে বেড়াতে যান। সেখানে পরিচিত এক যুবক সোহান তাদের সঙ্গে যুক্ত হয়। কিছুক্ষণের মধ্যে মূল আসামি ফয়সালসহ কয়েকজন পার্কের ভেতরে প্রবেশ করে এবং গোপনে অবস্থান নেয়।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা দুই তরুণী ও সোহানকে পার্কের পুকুরপাড়ে নিয়ে গিয়ে মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে ভয়ভীতি দেখিয়ে সোহানকে তাড়িয়ে দেয় এবং দুই তরুণীকে পার্কের বাইরে যেতে বাধ্য করে।
আরও পড়ুন: ফুটপাতে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন নারী, অতঃপর
পথিমধ্যে দুর্বৃত্তরা আবারও তাদের আটক করে পাশের রাস্তার নিচে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
ভুক্তভোগী এক তরুণীর বাবা জানান, ফয়সাল তার মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকেই সে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে সুযোগ খুঁজছিল। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের কঠোর শাস্তি দাবি করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, ‘গ্রেফতার তিনজনকে আদালতের মাধ্যমে রাজবাড়ী কারাগারে পাঠানো হয়েছে। অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধে কোনো ছাড় নেই।’
এই নৃশংস ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঢাকা ডেস্ক 









