বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্র-তরুণ সমাজকে ফ্যাসিবাদ, চরমপন্থা ও উগ্রবাদ প্রতিরোধে সতর্ক ও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন।
রবিবার (৩ আগস্ট) শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, `বাংলাদেশের ভবিষ্যতে যেন কোনোভাবেই ফ্যাসিবাদ, জঙ্গিবাদ কিংবা উগ্রবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে—সেজন্য ছাত্র-তরুণ সমাজকে এখন থেকেই সচেতন থাকতে হবে।`
তারেক রহমান নতুন ভোটারদের ‘ধানের শীষে’ ভোট দিয়ে একটি আত্মনির্ভরশীল ও প্রগতিশীল বাংলাদেশ গঠনে তরুণ ও প্রবীণ প্রজন্মের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, আমি দেশের ছাত্র, যুবক ও ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বলতে চাই—আপনাদের প্রত্যেককে সজাগ থেকে ভবিষ্যতে যেন ফ্যাসিবাদ বা উগ্রবাদ মাথাচাড়া দিতে না পারে, সেজন্য সচেতন ভূমিকা পালন করতে হবে।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই সমাবেশে দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আরও পড়ুন : নির্বাচন বয়কটের হুমকি দিল এনসিপি
সভায় তরুণদের সামনে বিএনপির বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেটা একজন মা কল্পনা করেন—যেখানে নতুন ও পুরাতন প্রজন্ম একত্রে এগিয়ে যাবে।’
তিনি বলেন, ‘বর্তমানে দেশের ১৩ কোটির বেশি ভোটারের মধ্যে গত ১৫ বছরে প্রায় ৪ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছেন। আপনারা ভোটার হলেও ফ্যাসিস্ট চক্র আপনাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল।’
আগামী জাতীয় নির্বাচনকে নতুন ভোটারদের জন্য একটি বড় সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘এই সুযোগ কাজে লাগিয়ে গত দেড় দশকে যারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন, তাদের সবাইকে আহ্বান জানাই—আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার বিএনপির পরিকল্পনা বাস্তবায়নে আমাদের পাশে দাঁড়ান।’
আরও পড়ুন : এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা
নতুন ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘আপনার প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক।’
তিনি ছাত্রদলের নেতাকর্মীদেরও অনুরোধ করেন, যেন এই বার্তা দেশের প্রতিটি শিক্ষার্থী ও তরুণের কাছে পৌঁছে দেয়া হয়।
তারেক রহমান বলেন, ‘চলুন আজ প্রতিজ্ঞা করি—স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য যারা শহীদ হয়েছেন, তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলব। আজকের অঙ্গীকার হোক—তরুণদের প্রথম ভোট হোক ধানের শীষে।’
ঢাকা ডেস্ক 












