পাকিস্তানে ফের এক নারী টিকটকারের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার বাগো ওয়াহ এলাকার নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে কনটেন্ট নির্মাতা সুমিরা রাজপুতের মরদেহ। স্থানীয় সময় শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে ঘোটকি জেলা পুলিশ।
পুলিশ জানায়, সুমিরা রাজপুতের ১৫ বছর বয়সী কন্যা দাবি করেছে—একদল ব্যক্তি তার মাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল। মা রাজি না হওয়ায় তারা তাকে বিষপ্রয়োগে হত্যা করেছে।
মেয়েটির ভাষ্যমতে, দুষ্কৃতকারীরা সুমিরাকে জোরপূর্বক বিষাক্ত ট্যাবলেট খাইয়ে দেয়, যার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন : এবার ইতালিতে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
স্থানীয় হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. সর্বানন্দ জানিয়েছেন, প্রাথমিকভাবে মরদেহে কোনো শারীরিক নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনার তদন্তে সন্দেহের ভিত্তিতে দুই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের হয়নি।
পুলিশ জানিয়েছে, হত্যার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে একাধিক দিক থেকে তদন্ত চালানো হচ্ছে।
এ ঘটনায় পাকিস্তানে নারী কনটেন্ট নির্মাতাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এর আগে গত মাসেই ইসলামাবাদে আরেক নারী টিকটকার, ১৭ বছর বয়সী সানা ইউসুফকে তার নিজ বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করা হয়।
ঢাকা ডেস্ক 









