রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার এক ভুক্তভোগীর সঙ্গে পুলিশের অসদাচরণের অভিযোগে সংশ্লিষ্ট চার পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনার পর পুলিশের পক্ষ থেকে প্রকাশ্যভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে জানানো হয়, ভুক্তভোগী আহমাদ ওয়াদুদের ফেসবুক পোস্ট “মোহাম্মদপুর থানা পুলিশের সাথে এক ঘণ্টা” আমাদের নজরে এসেছে। সেখানে তিনি থানায় গিয়ে পুলিশ সদস্যদের অবহেলা ও অসদাচরণের কথা তুলে ধরেন।
আরও পড়ুন : ভাইরাল সেই ছিনতাইয়ের ঘটনায় ৪ পুলিশ সাময়িক বরখাস্ত
ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ যাচাই করে সংশ্লিষ্ট চার পুলিশ সদস্য—এসআই জসিম, এসআই আনারুল, কনস্টেবল নুরুন্নবী ও কনস্টেবল মাজেদুল ইসলাম—কে সাময়িকভাবে বরখাস্ত করে উপ-পুলিশ কমিশনারের দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, ভুক্তভোগীর সঙ্গে ঘটে যাওয়া আচরণের জন্য বাংলাদেশ পুলিশ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একইসঙ্গে জানানো হয়, ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ পুলিশ বলছে, সেবা প্রত্যাশীদের সঙ্গে পেশাদার ও সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করাই তাদের অঙ্গীকার। যেকোনো ধরনের দায়িত্বে অবহেলা ও অনুচিত আচরণ বরদাশত করা হবে না।
ঢাকা ডেস্ক 









