রাজধানীর মোহাম্মদপুরে সাংবাদিক আহমাদ ওয়াদুদের ওপর ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অধীনে থাকা চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত (ক্লোজড) করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন উপ-পরিদর্শক (এসআই), একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও দুইজন কনস্টেবল রয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান। তিনি জানান, ঘটনার পর অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন : বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দেশের সব মসজিদে দোয়ার আয়োজন
বৃহস্পতিবার দিবাগত রাতে মোহাম্মদপুর থানা থেকে মাত্র তিন মিনিটের দূরত্বে আহমাদ ওয়াদুদ ছিনতাইকারীদের হামলার শিকার হন। তার ওপর চাপাতি দিয়ে আঘাত করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত। আহত অবস্থায় তিনি তৎক্ষণাৎ মোহাম্মদপুর থানায় গিয়ে ঘটনা জানান। তবে অভিযোগ রয়েছে, দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা প্রাথমিকভাবে বিষয়টি গুরুত্ব দেননি এবং যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হন।
ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক আহমাদ ওয়াদুদ তার ফেসবুক প্রোফাইলে একটি বিস্তারিত স্ট্যাটাস দেন, যেখানে পুরো ঘটনার বর্ণনা এবং পুলিশের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। স্ট্যাটাসটি ভাইরাল হলে বিষয়টি সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয় এবং পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, ছিনতাইয়ের ঘটনায় ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি দায়িত্বে গাফিলতি প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সাময়িকভাবে ক্লোজড করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে।
ঢাকা ডেস্ক 









