আজ দেশের সাতটি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন : চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে, যা সাধারণত হালকা থেকে মাঝারি ঝড়ের ইঙ্গিত দেয়।
এদিকে রাজধানী ঢাকায় আজকের আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাস অনুযায়ী, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
তাপমাত্রাও সামান্য কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকা ডেস্ক 









