দেশে গ্রেপ্তারসংক্রান্ত আইনি প্রক্রিয়ায় একটি যুগান্তকারী পরিবর্তনের পথে এগোচ্ছে সরকার। এখন থেকে কাউকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পর ১২ ঘণ্টার মধ্যে তার পরিবার, আইনজীবী বা ঘনিষ্ঠ ব্যক্তিকে জানানো আইনি বাধ্যবাধকতা হিসেবে কার্যকর হতে যাচ্ছে।
এই সংক্রান্ত ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব আজ বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আরও পড়ুন : কারাগারে কোরআন খতম দিয়েছেন পলক
উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্ত অনুযায়ী, কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের পর ১২ ঘণ্টার মধ্যে পরিবার বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে তাকে অবহিত করতে হবে।
কোনো অবস্থায় ১২ ঘণ্টার বেশি দেরি করা যাবে না।
এই নিয়ম কার্যকর হলে থানায় নেওয়ার পর ‘গায়েবি’ গ্রেপ্তার, অজ্ঞাত আটকের মতো ঘটনাগুলোর অবসান ঘটবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্তটি জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘একজন নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় এ ধরনের পদক্ষেপ খুবই জরুরি। গ্রেপ্তারকে ঘিরে যে ধরনের অনিশ্চয়তা বা আতঙ্ক সমাজে রয়েছে, তা দূর করতেই এ উদ্যোগ।’
ঢাকা ডেস্ক 









