দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় কৌতুক অভিনেতা ফিশ ভেঙ্কট রাজ আর নেই। কিডনি ও লিভার জটিলতায় ভুগে শুক্রবার সন্ধ্যায় হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৩ বছর।
দুই দশকের বেশি সময় ধরে তেলেগু সিনেমায় সক্রিয় ছিলেন ভেঙ্কট। ‘খুশি’ (২০০১) সিনেমা দিয়ে শুরু করে তিনি ‘গব্বর সিং’, ‘ধী’, ‘অধুর্স’, ‘ডিজে টিল্লু’সহ ১৫০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। তার নিজস্ব সংলাপ বলার ধরন ও হাস্যরসাত্মক চরিত্র দর্শকদের কাছে ছিল অত্যন্ত প্রিয়।
আরও পড়ুন : সিনেমার শুটিংয়ে চোট পেয়ে যুক্তরাষ্ট্রে শাহরুখ খান!
কিছু মাস ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। চিকিৎসকরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিলেও আনুমানিক ৫০ লাখ রুপি খরচ জোগাতে পারেননি তিনি। এ সময় তার মেয়ে সাহায্যের আবেদন জানালেও প্রতারণার শিকার হন তাঁরা। প্রভাসের নাম ভাঙিয়ে প্রতিশ্রুতি দিয়ে কেউ একজন তাদের বিভ্রান্ত করেন।
অল্প কয়েকজন শিল্পী ও স্থানীয় কর্তৃপক্ষ সাহায্য করলেও তা পর্যাপ্ত ছিল না। ফলে সময়মতো চিকিৎসা সম্ভব হয়নি।
ভেঙ্কটের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সহশিল্পী ও ভক্তরা তাকে স্মরণ করে বলেছেন—চিকিৎসার অভাবে এমন একজন প্রতিভাবান অভিনেতার চলে যাওয়া গভীরভাবে হৃদয়বিদারক।
ঢাকা ডেস্ক 









