জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর গোপালগঞ্জে কারফিউ চলছে।
বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে শুরু হওয়া কারফিউ চলবে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এর আগে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘গোপালগঞ্জে বুধবার রাত ৮টা হতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।’
বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ পথযাত্রা শেষ করে মাদারীপুর যাওয়ার পথে এনসিপির গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ।
এনসিপি নেতারা জানান, আমাদের গাড়িবহরের একটি অংশ মাদারীপুরের উদ্দেশ্যে যাচ্ছে। তাদের ওপর হামলার আশঙ্কা করছি। গাড়িবহরের একটি অংশ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলার কারণে যেতে পারেনি। তাই পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নিয়েছি।
এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, আমরা যখন রওনা দিয়েছি, তখন আওয়ামী লীগের লোকজন এসে আমাদের ওপর হামলা করেছে।
‘আমরা এখন একটি জায়গায় অবরুদ্ধ অবস্থায় রয়েছি। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, পরিস্থিতি শান্ত। কিন্তু পুলিশ প্রশাসন, আর্মি পুরোপুরি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে।’
আরও পড়ুন : গোপালগঞ্জে আজ এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
এ অবস্থায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে পরিস্থিতি নিয়স্ত্রণে ৪ প্লাটুন বিজিবি সদস্যও যোগ দেন।
এরপর সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ত্যাগ করেন এনসিপি নেতারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করেছিল গোপালগঞ্জ জেলা প্রশাসন। পরে বুধবার রাত ৮টা হতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়।
ঢাকা ডেস্ক 









