দক্ষিণ-পশ্চিম সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজশাহী ও খুলনা বিভাগে বুধবার (১৬ জুলাই) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্ক বার্তায় বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, খুলনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালীসহ দেশের ১৫টির বেশি অঞ্চলে।
আরও পড়ুন : ১৩ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূল এলাকায় সৃষ্টি হওয়া নিম্নচাপটি দুর্বল হয়ে ভারতের ঝাড়খন্ড এলাকায় লঘুচাপে পরিণত হয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে, যার ফলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া, সমুদ্র বন্দরগুলোর জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা ডেস্ক 









